spot_img

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় পৌনে ৬ লাখ কোটি টাকা পেরিয়েছে: পেন্টাগন

অবশ্যই পরুন

চলমান ইরান যুদ্ধে মার্কিন করদাতাদের পকেট থেকে ইতোমধ্যেই খসেছে অন্তত ৪ হাজার ৭১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকা)। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে আইনপ্রণেতাদের কাছে পাঠানো পেন্টাগনের এক আনুষ্ঠানিক প্রতিবেদনে এই হিসাব তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে পেন্টাগন জানায়, সংঘাত শুরুর পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাদ্দ করা জরুরি সামরিক তহবিলের সাড়ে ৯৭ শতাংশের বেশি সফলভাবে ব্যবহার করা হয়েছে। গত ১৬ অক্টোবর পর্যন্ত হিসাব পর্যালোচনা করে তারা দেখিয়েছে, যৌথ মার্কিন-ইসরায়েল সামরিক অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়ের পরিমাণ ৪৭.১ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।

কংগ্রেস কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে যুদ্ধের প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের পাশাপাশি ধ্বংস বা ব্যবহৃত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র পুনঃসংগ্রহে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বিমানবাহিনীর বিভিন্ন ফাইটার ও বোমারু দলের পেছনে ব্যয় হয়েছে ৭৬০ কোটি ডলার। মধ্যপ্রাচ্যে নিয়মিত টহল ও অভিযানে থাকা দুটি বিমানবাহী রণতরীসহ দুই ডজনের বেশি যুদ্ধজাহাজের বিপরীতে মার্কিন নৌবাহিনীর খরচ হয়েছে ১৫০ কোটি ডলার। আর ওই অঞ্চলে মোতায়েন সেনাদের সার্বিক রক্ষণাবেক্ষণে সেনাবাহিনীর ব্যয় দাঁড়িয়েছে ২০০ কোটি ডলারের বেশি।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হিসাব অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ঘাঁটিতে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান ও ব্যবহূত অস্ত্রশস্ত্র প্রতিস্থাপনে ৬১০ কোটি ডলার, স্পেশাল কমান্ডো বাহিনীর যাতায়াত ও সহায়তায় ৬৪ কোটি ৫০ লাখ ডলার এবং আহত সামরিক সদস্যদের চিকিৎসায় প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলার খরচ হয়েছে। এ ছাড়া মার্কিন ট্রান্সপোর্টেশন কমান্ড সরঞ্জাম স্থানান্তরে ৯ কোটি ২২ লাখ ডলার এবং সাইবার কমান্ড সাইবার অভিযানে ১ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করেছে।

তবে মার্কিন প্রশাসনের এই প্রতিবেদনে যুদ্ধের পুরো ছবি আসেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর সংস্কার ব্যয় কিংবা বিশাল সামরিক বহরের বিপুল জ্বালানি খরচ এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে পেন্টাগনের নতুন এই ব্যয় হিসাব প্রকাশ্যে আসার পর সাবেক ও বর্তমান মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা তৈরি হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিকে বিধ্বস্ত প্রতিপক্ষ

পেশাদার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১০০০ গোল করার নতুন লক্ষ্য স্থির করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে গড়পড়তা পারফরম্যান্স ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ