রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আসছে অক্টোবরেই এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ২৫টি বোয়িং কেনার দুইটি চুক্তির কথা চলতি বছরে প্রকাশ্যে এসেছে। যার মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়। যার আওতায় তখন বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার। এরপর গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।
জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে এসব উড়োজাহাজে যুক্ত করার এক দীর্ঘমেয়াদী রোডম্যাপ পর্যালোচনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় এই ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

