ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের এই পদক্ষেপে সম্ভাব্য শ্রমিক সংকট নিয়ে তৈরি উদ্বেগ অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে।
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রধান গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা। প্রতি বছর এ সময় কৃষিকাজে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।
সম্প্রতি সামগ্রিক অভিবাসন কমানোর উদ্যোগ নেয় অস্ট্রেলিয়া সরকার। এর প্রভাবে ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতি দেখা দেয়। আগে কয়েক দিনের মধ্যে ভিসা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে তা পেতে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। এতে আসন্ন ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকটের আশঙ্কা তৈরি হয়।
কৃষি খাতের এই সংকট এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ করতে পারবে।
কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন ব্যবস্থায় ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা থাকা এবং কোনো খামার মালিকের সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে অভিবাসন নীতিতে কড়াকড়ি অব্যাহত থাকলেও কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

