দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। একসময় বিয়ের কথা ভাবলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। তবে ওই অভিজ্ঞতা তার মনে বিয়ে নিয়ে কোনো ভীতি তৈরি করেনি।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন শ্রুতি।
শ্রুতির কাছে বিয়ে শুধু কাগজে-কলমে তৈরি কোনো সম্পর্ক নয়; বরং এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তার মতে, বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আইনি কাগজপত্রের চেয়ে দাম্পত্য সম্পর্কে পরস্পরের ভালোবাসা ও সম্মান বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো—আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটি কোনো কাগজপত্রের কারণে নয়; বরং আমাদের ভালোবাসা থেকে।’
বিয়ে আয়োজনের ক্ষেত্রেও আড়ম্বরের বিপক্ষে শ্রুতি। তার মতে, অযথা বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা যেতে পারে।
তিনি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়—বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে দিন।’
মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি মাতৃত্ব পছন্দ করেন এবং ভবিষ্যতে মা হতে চান। তবে পরিবার বা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও পছন্দ থেকেই মাতৃত্বকে বেছে নিতে চান তিনি।
বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান। তার হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং এখনো শেষ হয়নি।

