মাতৃত্ব ইস্যুতে বলিউড সরগরম। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। স্থূলতা এসেছে বলিউড অভিনেত্রীর। কিন্তু এই পরিবর্তন নিয়েই ‘নোংরা’ সমালোচনায় মেতেছে নেটিজেনদের একাংশ।
এ নিয়ে অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি বলিউড ভাইজান সালমান খানও প্রতিবাদ জানিয়েছেন। তার ‘বিগ বস’ অনুষ্ঠানে রীতিমতো শার্ট খুলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা।
সালমানের এই প্রতিবাদের প্রশংসা করলেন অভিনেত্রী রিচা চাড্ডা। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘আমি জানতাম না যে তিনি (সালমান) এ বিষয়ে কথা বলেছেন। তবে এটা দারুণ ব্যাপার! এমন কথা বলা সত্যিই বড় মনের পরিচয়। এসব সমালোচনায় গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু পুরুষের চিন্তাভাবনা এতই ছোট যে, সন্তান জন্ম দেওয়ার মতো গভীর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা কখনো যেতে পারবেন না।’
রিচা মনে করেন, মাতৃত্বের জন্য নারীদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ। নতুবা এর পরিণাম ভালো হয় না। রিচা বলেন, “আমাদের (নারী) ছাড়া তাদের (পুরুষ) অস্তিত্বই নেই। প্রত্যেকেই তো কোনো না কোনো নারীর গর্ভ থেকেই পৃথিবীতে এসেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী, আপনি যদি মায়েদের নিয়ে মজা করেন, অসম্মান করেন, তার পরিণাম খুব বাজে হবে। যে মানুষগুলো নিজের শরীর নিয়ে অসন্তুষ্ট—বড় ভুঁড়ি কিংবা মাথার চুল কমে যাওয়ার মতো বিষয় থাকা সত্ত্বেও নারীদের শরীর নিয়ে মন্তব্য করে, আসলে তারা নিজেদের শরীর নিয়েই খুশি নয়।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা। এরপর সন্তান নিয়েই ব্যক্তিগত পরিসরে ছিলেন। সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হন। সেখান থেকেই ছবি-ভিডিও সামনে আসে; আর তা নিয়ে শুরু হয় চর্চা।

