আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে শতরান পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ভেঙে দেন রোহিত শর্মার ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।
টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যেও এটি এখন দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগে ৩৩ বলে সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডে ছিলেন সিকান্দার রাজা ও ফিন অ্যালেন।
অভিষেক শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মাত্র ১৬ বলে ফিফটি করার পর পরের ১৪ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি। রশিদ খানসহ আফগান বোলারদের বিপক্ষে একের পর এক চার-ছক্কায় ঝড় তোলেন তিনি।
সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিং জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন অভিষেক। শেষ পর্যন্ত রশিদ খানের বলে আউট হওয়ার আগে ৩৪ বলের বিধ্বংসী ইনিংসে তিনি করেন ১০৮ রান। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও ৯টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল ৩১৭.৬৪।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি
২৭ বল — সাহিল চৌহান (এস্তোনিয়া) বনাম সাইপ্রাস, ২০২৪
২৯ বল — মুহাম্মদ ফাহাদ (তুরস্ক) বনাম বুলগেরিয়া, ২০২৫
৩০ বল — অভিষেক শর্মা (ভারত) বনাম আফগানিস্তান, দিল্লি, ২০২৬
৩৩ বল — জান নিকোল লফটি-ইটন (নামিবিয়া) বনাম নেপাল, ২০২৪
৩৩ বল — সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) বনাম গাম্বিয়া, ২০২৪
৩৩ বল — ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৬
টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি
৩০ বল — অভিষেক শর্মা (ভারত) বনাম আফগানিস্তান, দিল্লি, ২০২৬
৩৩ বল — সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) বনাম গাম্বিয়া, ২০২৪
৩৩ বল — ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৬
৩৫ বল — ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) বনাম বাংলাদেশ, ২০১৭
৩৫ বল — রোহিত শর্মা (ভারত) বনাম শ্রীলঙ্কা, ২০১৭

