মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল সিনেমাটি। গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২৬ দিনেই আয়ের দিক থেকে মালয়ালম সিনেমায় নতুন ইতিহাস তৈরি করেছে এটি। ভেঙে দিয়েছে এই ইন্ডাস্ট্রির একাধিক পুরোনো রেকর্ড। আলোচনায় থাকা সিনেমাটি হলো ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি এরই মধ্যে মালয়ালম চলচ্চিত্রশিল্পের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ২৬ দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩১০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মাত্র দুই দিন আগে মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডও নিজেদের করে নেয় সিনেমাটি। এর আগে এই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। গত বছরের আগস্টে মুক্তি পাওয়া সিনেমাটি মোট ৩০২ কোটি রুপি আয় করেছিল।
মালয়ালম সিনেমায় সর্বোচ্চ আয়ের তালিকায় বর্তমানে পরের অবস্থানগুলোতে রয়েছে ‘এল ২ : এম্পুরান’ ও ‘থুডারুম’। এর মধ্যে ‘এল ২ : এম্পুরান’ আয় করেছে ২৬৫ কোটি রুপি এবং ‘থুডারুম’-এর আয় ২৩৪ কোটি রুপি।
‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।
বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।
অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।
মুক্তির পর দর্শকদের পাশাপাশি বিভিন্ন মহলেও সিনেমাটি ব্যাপক সাড়া পাচ্ছে। চলচ্চিত্রের তথ্যভিত্তিক ওয়েবসাইট আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত পর্যালোচনাতেও সিনেমাটির প্রশংসা করা হয়েছে। এর গল্প, অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।

