spot_img

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা নিয়ে সরকারের নতুন উদ্যোগ

অবশ্যই পরুন

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, দূতাবাসগুলো পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও তা ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়। দ্রুত পাসপোর্ট ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণ

প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রমও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশি মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

এনআইডির আবেদন দূতাবাসে গ্রহণ করা হলেও জাতীয় পরিচয়পত্র ইস্যু করে নির্বাচন কমিশন। মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে এই সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

সৌদি-আমিরাতে যাবে কারিগরি দল

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি ক্র্যাশ প্রোগ্রামের আওতায় দুই দেশে অবস্থিত বাংলাদেশি মিশনে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সময়, খরচ ও ভোগান্তি কমছে বলে জানান মন্ত্রী।

তথ্য যাচাইয়ে আসছে অনলাইন ব্যবস্থা

২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে বলে সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ