ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের হামলার হুমকি দিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ইরান প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ওই নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।
ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে, কারণ ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’
তবে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে এর আগেও একাধিক সময়সীমার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবারও তার বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে সতর্ক করেছেন—যুদ্ধ তার প্রেসিডেন্ট মেয়াদের শেষ পর্যন্তও গড়াতে পারে।
পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি
ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্সে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
তিনি দাবি করেন, ওই এলাকায় ‘সামান্য তৎপরতা’ দেখা যাচ্ছে। এ বিষয়ে ইরানকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
এর মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে। ইরানের দাবি, বুধবার তারা হরমুজের কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার দাবি করে।
এসব হামলার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল আরও ব্যাহত হয়েছে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।
ইয়েমেনেও বাড়ছে সংঘাত
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও তীব্র হয়েছে। ইয়েমেনের সামরিক সূত্রগুলোর দাবি, হুতিরা লোহিত সাগরের উপকূলীয় শহর মোকা নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে হুতিরা। অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় ধুবাব এলাকা থেকে সরে যাচ্ছে। বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণের জন্য ধুবাব এবং এর বিপরীতে থাকা পেরিম দ্বীপের নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে ২৪ ঘণ্টায় চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদির দক্ষিণাঞ্চলের চারটি শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের সঙ্গে ইয়েমেন ও লোহিত সাগর অঞ্চলের উত্তেজনা যুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ঝুঁকি আরও বেড়েছে।

