ইসরায়েলি শাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
এর আগে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে ইরান।
আজ শনিবার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘মুসলিম দেশগুলোর উচিত ন্যাটোর মতো নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়া এবং বর্তমান বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক বিরোধগুলোর ঊর্ধ্বে উঠে আসা।
ইসরায়েল প্রসঙ্গে তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে একত্রিত ও সংহত হতে হবে।
খাজা আসিফ ইসরায়েলি শাসন ও তার নীতির মোকাবিলার জন্য ‘মুসলমি উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া’কে অপরিহার্য বলে অভিহিত করে স্পষ্টভাবে বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মুসলিম জাতিগুলোর জন্য কোনো সুফল বয়ে আনবে না।’
তিনি আরও বলেন, ‘বেলফোর ঘোষণার একটি ফলাফল। ১৯৪০-এর দশকে ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটি এই অঞ্চলের যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।’
তিনি ১৯১৭ সালের ব্রিটিশ বেলফোর ঘোষণার কথা উল্লেখ করছেন, যেখানে ইহুদি জনগণের জন্য ইসরায়েল ভূখণ্ডে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়েছিল। এই ঘোষণাই প্রায় তিন দশক পর ইসরায়েলের স্বাধীনতা প্রতিষ্ঠার পথ তৈরি করে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অধীনে ঘোষণার ভিত্তিতে পাকিস্তানও একইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল—ইসরায়েল প্রতিষ্ঠার মাত্র এক বছর আগে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

