দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। বর্তমানে জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩ শতাংশ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট অংশীজনদের এক প্ল্যাটফর্মে এনে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এ অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশীজনদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আফরোজা খানম।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

