যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা চলেনি এবং কেবল ওমানের সাথে তারা যোগাযোগ রাখছে বলে ইরান যে বিবৃতি দিয়েছে, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরানি নেতৃত্বকে ‘দ্বিমুখী বা প্রতারণামূলক’ আখ্যা দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, একটি চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানি নেতৃত্ব অবিশ্বাস্যভাবে দ্বিপাক্ষিক নীতি অবলম্বন করছে! তারা বৈঠকের জন্য আকুতি জানায়, আলোচনা শুরু হয় এবং সামনে আরও বৈঠকের সূচি নির্ধারিত হয়; অথচ তারা জনসমক্ষে গর্ব করে বলছে যে কোনো আলোচনাই হচ্ছে না, তারা কেবল ‘ওমান’-এর সাথে যোগাযোগ রাখছে।
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের দাবি উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রণালিটি ইতোমধ্যেই মার্কিন নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের ‘ওয়াল অব স্টিল’ নামক নৌ-অবরোধের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র না চাইলে সেখানে কিছুই পৌঁছাতে পারবে না।
ইরানের কয়েক দশকের সৃষ্ট সংকটের সমাধান নিয়েই মূলত আলোচনা হচ্ছে উল্লেখ করে ট্রাম্প তার বার্তার শেষে হুঁশিয়ারি দিয়ে লেখেন, বিষয়টি অত্যন্ত সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

