spot_img

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

অবশ্যই পরুন

মস্তিষ্কে টিউমারের জটিল চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। অভিনেতার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।

তবে জন্মভূমিতে এই ফেরা দীর্ঘদিনের জন্য নয়। লিটন এরশাদ জানান, চিকিৎসকের পরামর্শে পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরে যেতে হবে। সেখানে ১৫ আগস্ট তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত এই বরেণ্য অভিনেতাকে এখন পর্যন্ত ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি ও কঠিন চিকিৎসার কারণে তার শারীরিক অবয়বেও পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে তোলা এক ছবিতে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখা গেছে এই নায়ককে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। আগস্টে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হলেও স্থানগত ঝুঁকির কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমেই তার চিকিৎসা চলছিল।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষা, সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে ২ কোটি ৫২ লাখ ৫০...

এই বিভাগের অন্যান্য সংবাদ