spot_img

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহে ফেরত পাঠানো হলো হাজার হাজার প্রবাসী

অবশ্যই পরুন

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এক সপ্তাহের ব্যবধানে ১২ হাজার ৬০০ জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজারের বেশি মানুষকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলা অভিযান শেষে মোট ১২ হাজার ৬১৩ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে বহিষ্কার করা হয়।

একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ১৫৪ জনকে। আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন এবং ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে ধরা পড়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। অন্যদিকে দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন ২৩ জন। পাশাপাশি অবৈধ প্রবাসীদের পরিবহন, বাসস্থান প্রদান ও কাজে নিয়োগ দিয়ে সহায়তা করার অপরাধে ১৭ জন নিয়োগকর্তা ও সহায়তাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বর্তমানে আটক ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কনস্যুলেট বা কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৫ হাজার ৪২৪ জনকে বহিষ্কারের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে নিজ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইন অমান্যকারীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অবৈধ অভিবাসীকে দেশে প্রবেশে সাহায্য করা, আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা দেওয়া বা আড়াল করার চেষ্টা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি অপরাধীর নাম-পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

সর্বশেষ সংবাদ

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো: নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ