হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা আমির খান জানিয়েছেন, বহুল আলোচিত চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ লাদাখের পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনকাহিনির ওপর নির্মিত—এমন ধারণা সঠিক নয়।
বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে ‘লগান’ প্রদর্শনের পর দর্শকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমির বলেন, ‘থ্রি ইডিয়টস সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি—এই ধারণা একেবারেই সত্য নয়। সিনেমার কাহিনি লেখার সময় আমরা তাঁর সম্পর্কে কিছুই জানতাম না। আমি ব্যক্তিগতভাবেও তাঁকে চিনতাম না।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ওম বৈদ্যের একটি ভিডিও দেখেছি, যেখানে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। সেটি তাঁর ব্যক্তিগত ধারণা হতে পারে, তবে তা সঠিক নয়। সিনেমার কাহিনিকার রাজকুমার হিরানি ও অভিজাত যোশীও তখন সোনম ওয়াংচুককে চিনতেন না।’
২০০৯ সালে মুক্তির পর থেকেই ‘থ্রি ইডিয়টস’-এর ফুংসুক ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত বলে ব্যাপকভাবে প্রচারিত হয়ে আসছিল। এমনকি সিনেমাটি জনপ্রিয় হওয়ার পর লাদাখে ওয়াংচুকের শিক্ষা প্রতিষ্ঠানও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তবে এই প্রচলিত ধারণা নাকচ করলেও সোনম ওয়াংচুকের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন আমির খান। তিনি বলেন, ‘তিনি যে আন্দোলন করছেন, তা সঠিক। তাঁর কাজকে আমি শ্রদ্ধা করি। আমরা সবাই চাই, তিনি সুস্থ থাকুন এবং দ্রুত অনশন শেষ করুন।’
বর্তমানে সোনম ওয়াংচুক শিক্ষাব্যবস্থা ও বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

