spot_img

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

অবশ্যই পরুন

ভারতীয় চলচ্চিত্রে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আগামী সিনেমা ‘মাইসা’-র জন্য পানির নিচে একটি বিশাল মারপিটের (অ্যাকশন) দৃশ্যের শুটিং শেষ করেছেন তিনি।

সিনেমার নির্মাতাদের দাবি, এটিই ভারতীয় সিনেমার ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর প্রধান ভূমিকায় অভিনয় করা প্রথম ‘আন্ডারওয়াটার’ বা পানির নিচের ফাইট সিকোয়েন্স।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, কোনো ডামি বা বডি ডাবল ছাড়াই রাশমিকা এই বিপজ্জনক স্টান্টগুলো নিজেই সম্পন্ন করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমার নির্মাতারা শুটিংয়ের বেশ কিছু নেপথ্যের (বিটিএস) ছবি ও একটি ঝলক প্রকাশ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিন ধরে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে রাশমিকা এই জটিল দৃশ্যটির শুটিং শেষ করেন।

আপডেটটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, রাশমিকা মান্দানার হাত ধরে ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের কাজ শেষ হলো। উপরিভাগ কখনোই আমাদের সীমানা ছিল না। ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি, গভীর পানির নিচে এমন এক যুদ্ধের সাক্ষী হতে প্রস্তুত হোন।

পানির নিচের এই কঠিন ও রোমাঞ্চকর শুটিংয়ের অভিজ্ঞতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভাগ করে নিয়েছেন রাশমিকা।

এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ আখ্যা দিয়ে তিনি লেখেন, আমি জানি বেশ কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না, কারণ আমরা এই কাজটি নিয়েই ব্যস্ত ছিলাম। এটি আমার জীবনে করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।

রাবিন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ সিনেমাটিকে একটি উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত আবেগঘন অ্যাকশন থ্রিলার হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীপ্রধান প্যান-ইন্ডিয়া (সর্বভারতীয়) অ্যাকশন ফিল্ম, যা চলতি বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি পবিত্র প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ