spot_img

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।

শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে ফের গণশুনানি করা হবে।’

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরপরই নামকরণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করিয়েছেন। মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়।

সরকারি নামকরণে এমন পারিবারিকীকরণের বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সুশাসন ও জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এই বিতর্কিত নামগুলো পরিবর্তনের সরাসরি নির্দেশ দিয়েছেন।

সার্বিক আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ছাড়াল ২০ লাখ ৬০ হাজার টন

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ