সড়ক ও মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বর্জ্য অপসারণ কার্যক্রম এবং নতুন ডাম্পিং স্টেশনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বর্জ্যের স্তূপের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে এসেছেন। ইতোমধ্যে গত দুই দিন ধরে ওই এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে এবং দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্জ্য থেকে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সম্ভব হবে। এর ফলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে মহাসড়ক কিংবা সড়কের পাশে কোনো বর্জ্য ফেলা না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে লোকালয় থেকে দূরে পরিবেশসম্মতভাবে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

