প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ডা. মোহাম্মদ জাকারিয়া ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ১৫ কর্মকর্তা চীন যাচ্ছেন।
এ উপলক্ষে সোমবার (০১ জুন) ঢাকার চীনা দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ এবং অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিনিময় ও সহযোগিতা অত্যন্ত সক্রিয় হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য চীনে আসন্ন প্রশিক্ষণ কর্মসূচি এই ইতিবাচক গতির আরও ধারাবাহিকতা ও গভীরতার প্রতিনিধিত্ব করে।
রাষ্ট্রদূত ইয়াও বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা বিনিময় ও মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে চীনা আধুনিকায়নের অনুশীলন ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তৃত ও গভীর ধারণা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের নিজস্ব উন্নয়ন চাহিদা ও বাস্তবতার সঙ্গে চীনে যা দেখবেন ও শিখবেন, তা সম্পর্কিত করে কার্যকর অনুপ্রেরণা গ্রহণের জন্যও তিনি তাদের উৎসাহিত করেন।
ইসমাইল জাবিহুল্লাহ চীনে প্রশিক্ষণের মূল্যবান সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ জুন প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দল ফিরে আসবে। এই প্রশিক্ষণের খরচ বহন করছে চীন সরকার।

