ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে চেপে ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
আজ সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, ভোর ৪টার দিকে রড ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় এবং যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রডের নিচ থেকে চাপা পড়া অবস্থায় ১৭ জনের মরদেহ উদ্ধার করে।
এই দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করা হচ্ছে।

