পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এছাড়া, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অব্যবহৃত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।
কাতারের রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে কাতারের সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

