spot_img

ভারতের আলোচিত অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য ‘গৃহবন্দি’

অবশ্যই পরুন

ভারতীয় অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য ‘গৃহবন্দী’ করা হয়েছে। এ সময় কোনও জনসভা বা মিছিলে তার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বরের পার্বত্য পরিষদ নির্বাচনের প্রতিবাদে অনুষ্ঠিত একটি কর্মসূচি থেকে ওয়াংচুককে সরিয়ে নেয়ার একদিন পর তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হলো। লেহ-র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এই আদেশ জারি করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

লেহ প্রশাসন জানিয়েছে, স্থানীয় পুলিশ প্রধানের পাঠানো একটি চিঠি এবং পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে ওয়াংচুকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের অনুরোধ করা হয়েছিল। এর প্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা প্রয়োগ করে ওয়াংচুকের চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করেছেন ম্যাজিস্ট্রেট।

আদেশে বলা হয়েছে, ‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।’

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (এলএএইচডিসি) নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। ওয়াংচুক ও অন্যান্য স্থানীয় নেতারা নির্বাচনের এই সময়সূচির বিরোধিতা করে আসছেন। তাদের যুক্তি, তীব্র শীত এবং মৌসুমি অভিবাসনের কারণে লাদাখের বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন।

অবশ্য আনুষ্ঠানিকভাবে ‘গৃহবন্দি’ করার আদেশ জারির আগেই এক ভিডিও বার্তায় ওয়াংচুক দাবি করেছিলেন, হঠাৎ তার বাসভবনের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এ সময় তাকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলেও দাবি করেন এই ৬০ বছর বয়সী এই অধিকারকর্মী।

২০১৯ সালে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার পর সেখানে এই প্রথম বড় পরিসরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শীতকালে নির্বাচন আয়োজনের প্রতিবাদ ও বয়কটের ডাকের মধ্যেই আগামী ৪ ডিসেম্বর আটটি স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (এলএএইচডিসি) সবকটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আটটি পরিষদে মোট ১০০টি নির্বাচনী এলাকা থাকবে, যার মধ্যে ৩৬টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

সর্বশেষ সংবাদ

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ