প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে। দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য। রোববার (২৪ মে) দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করবো। গরু পালন করা আমার একটি শখ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেওয়া হয়। এগুলো লালন-পালন করেই অনেকেই কোরবানির বাজারে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, হাটে বাইরের কোনো গরু নেই। গরু দেখলেই চিনতে পারি, কারণ আমি নিজেই গরু লালন-পালন করি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে, ব্যাংক রয়েছে। ইজারাদাররাও এ বিষয়ে সচেষ্ট।
নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। চুরি হওয়ার সুযোগ কম। তবে হাজার হাজার গরুর মধ্যে দু-একটি হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকেরা এসব বিষয়ে খামারিদের সহায়তা করছেন।

