চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। একইসঙ্গে সারের কৃত্রিম সংকট তৈরি, মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে দেশজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার মধ্যে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে সরকারের মোট ভর্তুকি কত। পাশাপাশি পিক সিজনে সারের কৃত্রিম সংকট ঠেকাতে মন্ত্রণালয়ের নজরদারি এবং ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সার ও বীজ বিতরণের পরিকল্পনা সম্পর্কেও জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অসাধু ডিলার ও মজুদদারদের বিরুদ্ধে জেলা পর্যায়ে টাস্কফোর্স এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, সার পরিবহন, মজুদ, বিতরণ ও বিক্রির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় সার মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও নিয়মিত কাজ করছে বলে জানান মন্ত্রী।
কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে আমিন উর রশিদ বলেন, সরকার ইতিমধ্যে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় দেশের সব কৃষকের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে।
ভবিষ্যতে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে সরকারি ভর্তুকি, মানসম্মত বীজ, সার, অন্যান্য কৃষি উপকরণ ও প্রণোদনা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

