স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এর (লিংক) মাধ্যমে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে প্রতিষ্ঠান প্রধানের অনুমোদনের জন্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই ও বাছাই শেষে অনলাইনে ফরওয়ার্ড করতে হবে। এ কার্যক্রমে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্য ও নোটিশ বোর্ডে প্রয়োজনীয় সব নির্দেশনা পাওয়া যাবে।
আবেদন সংক্রান্ত সহায়তার জন্য হেল্পলাইন (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬) নম্বরও চালু রাখা হয়েছে, যা অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেবে।

