জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। জরুরি জনসচেতনতামূলক বার্তায় পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তায় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবকের পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য কেউ জেনে থাকলে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার কথাও বলেছে পুলিশ।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতারের দাবিতে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয় গতকাল শুক্রবার রাতে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন অভিযোগে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আজ প্রক্টরের অফিসে তালাও ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে র্যাব-পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী জানান, ফজিলাতুন্নেছা হল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণের চালায়। পরে, শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ঐ অভিযুক্ত। রাতেই সংগ্রহ করা সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘটনার আগে-পরে মিলিয়ে চার ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত যুবক।

