সৌদি প্রো লিগের শিরোপা উৎসবের সব প্রস্তুতিই সেরে ফেলেছিল আল নাসর। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলকিপার বেন্তোর অবিশ্বাস্য ভুলে শিরোপা জেতার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ক্রিস্তিয়ানো রোনালদোদের। মঙ্গলবার রাতে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল নাসরকে।
আল-আউয়াল পার্কে ম্যাচের ৩৭ মিনিটে কিংসলে কোমানের অ্যাসিস্ট থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন মোহামেদ সিমাকান। দ্বিতীয় হাফের ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্ত পর্যন্ত সেই লিড বজায় ছিল।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের খেলা শেষ হতে বাকি ছিল ১০ সেকেন্ড। এমন সময় আল হিলালের একটি লম্বা থ্রো-ইন ধরতে সামনে এগিয়ে গিয়ে উপরে লাফিয়ে ওঠেন বেন্তো। আশেপাশে কোনো প্রতিপক্ষ খেলোয়াড় না থাকলেও বলটি তাঁর হাত ফসকে সরাসরি জালে জড়িয়ে যায়। এই আত্মঘাতী গোলের পর মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন সতীর্থরা, আর ডাগআউটে হতাশায় ভেঙে পড়েন রোনালদো।
২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে এটিই ছিল রোনালদোর প্রথম বড় ট্রফি জেতার সবচেয়ে বড় সুযোগ। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে যখন তুলে নেওয়া হয়, তখন গ্যালারির দর্শকদের উৎসাহ দিচ্ছিলেন সিআরসেভেন।
কিন্তু শেষ মুহূর্তের ওই ভুলে সব ওলটপালট হয়ে যায়। চলতি মৌসুমে ৩৩ লিগ ম্যাচে ২৬ গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে আল নাসরের হয়ে এই পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা ১২৭, আর ক্যারিয়ার গোল ৯৭১। ১০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৯ গোল দূরে রোনালদো।
এই ড্রয়ের পর ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৭৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। শিরোপার ফয়সালা হবে এখন লিগের শেষ ম্যাচে।
আল হিলাল যদি পরের ম্যাচে নিওম এসসির বিপক্ষে জয় পায়, তবে আল নাসরের সাথে তাদের পয়েন্ট ব্যবধান নেমে আসবে ২-এ। সেক্ষেত্রে লিগের শেষ ম্যাচে আল নাসরকে শিরোপা নিশ্চিত করতে অবশ্যই দামাক এফসির বিপক্ষে অন্তত ড্র বা জয় পেতে হবে।

