মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানালেও পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি।
বৃহস্পতিবার (৭ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান তিনি। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা গেজেট নির্দেশিকাটি প্রকাশ করেন।
মূলত, সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে ৭ মে থেকেই বিধানসভা বিলুপ্তির ঘোষণা দেন রাজ্যপাল। এর ফলে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মেয়াদের আনুষ্ঠানিক অবসান হলো।
রাজ্যপালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে শিগগিরই গঠিত হবে পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা।
ভারতের সংবিধানের ১৭৪ নম্বর ধারার অন্তর্গত ২(বি) উপধারা বলছে, ভারতের রাজ্যপালের একটি আইনসভা ভেঙে দেওয়ার অধিকার রয়েছে। আইনসভার অধিবেশন ডাকা বা আইনসভা ভেঙে দেওয়া— দুটিই করার অধিকার সংবিধান রাজ্যপালকে দিয়েছে।
সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে গিয়ে ইস্তফা জমা দিতে ৭ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেননি। বরং মমতা ৫ মে সংবাদ সম্মেলনে বলেছিলেন, এই নির্বাচনে তিনি হারেননি। ফলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়ার প্রশ্ন ওঠে না।
তবে বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ বৃহস্পতিবারই শেষ হওয়ায় এবং রাজ্যপালের নতুন সিদ্ধান্তে রাজ্যে নতুন সরকার গঠনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেল।
উল্লেখ্য, আগামী ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

