ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আগামী মাসেই পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বৈশ্বিক এ আসর দেখার সুযোগ না–ও পেতে পারেন দেশ দুটির কোটি কোটি দর্শক।
ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে সৃষ্টি হওয়া অচলাবস্থা এবং চীনে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বিশ্বকাপের স্বত্ব পেতে রিলায়েন্স ও ডিজনি যৌথ উদ্যোগে ২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে, যা ফিফার চাহিদার তুলনায় খুবই কম।
একই সময়ে, সনি গ্রুপও ভারতের স্বত্ব নিয়ে আলোচনা করেছিল, তবে শেষ পর্যন্ত তারাও কোনো প্রস্তাব দেয়নি। এদিকে, বিশ্বকাপের সম্প্রচার নিয়ে চীনের সঙ্গেও এখনো ফিফার কোনো চুক্তির ঘোষণা আসেনি।
ফিফার বিবৃতিতে বলা হয়, ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়ে চীন ও ভারতের সঙ্গে আলোচনা চলছে।
ফিফার ভাষ্য, ২০২২ বিশ্বকাপ চলাকালে বিশ্বজুড়ে ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মোট যত সময় খেলা দেখা হয়েছে, তার ৪৯.৮ শতাংশই দেখেছেন চীনের দর্শক।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত থেকে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফা শুরুতে ১০ কোটি ডলার চেয়েছিল।
২০২২ সালে কাতার বিশ্বকাপের স্বত্ব রিলায়েন্সের তৎকালীন মিডিয়া শাখা প্রায় ৬ কোটি ডলারে কিনেছিল, যা টুর্নামেন্ট শুরুর ১৪ মাস আগেই চূড়ান্ত হয়েছিল। ওই আসরটি ডিজিটাল প্ল্যাটফর্মে ১১ কোটিরও বেশি দর্শক টেনেছিল।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতে ক্রিকেটের মতো ফুটবলের বাণিজ্যিক গুরুত্ব এখনো ততটা শক্তিশালী নয়। এর সঙ্গে বৈশ্বিক অস্থিরতা ও বিজ্ঞাপনের বাজারের মন্দা রাজস্বের প্রত্যাশাকে আরও কমিয়ে দিয়েছে।

