spot_img

শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও কিট দেবে সরকার, পাশে থাকছে বিজিএমইএ

অবশ্যই পরুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ প্রদানের এক বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। সরকারের এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ীরাও।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রাথমিক স্কুল দিয়ে পাইলট প্রকল্প শুরু করে ধীরে ধীরে দেশের সব স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় আসবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ এবং জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে আন্ত:মন্ত্রনালয় সভা শুরু হয়েছে শিক্ষা মন্ত্রনালয়ে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

এই বৈঠকে আরও উপস্থিত আছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহদী আমীনসহ মন্ত্রনালয়ের সচিব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হবে। শুরুতে প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। এই দফায় প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়া হবে। এই প্রাথমিক পর্যায়ের প্রয়োজনীয় সামগ্রীগুলো সরবরাহ করবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে এই শিক্ষা উপকরণ পৌঁছে দিতে সরকারের পরবর্তী পদক্ষেপগুলোতে দেশের ব্যবসায়ী সমাজও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিশুদের জন্য এটি বড় ধরনের উৎসাহ হিসেবে কাজ করবে।

সর্বশেষ সংবাদ

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: সংসদে আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ