পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য বোর্ডের ছাড়পত্র পাচ্ছেন না দুই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে না খেললেও শেষ ম্যাচে মাঠে নেমেই ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে ফিটনেস শঙ্কায় পিএসএলের বাকি অংশের জন্য এই পেসারের অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘দ্য ফিজ’-এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে দলের মেডিকেল টিম। তার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে করা হবে স্ক্যান। এরপর বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন মোস্তাফিজ।
পাশাপাশি, পেসার নাহিদ রানাকেও পিএসএলের বাকি অংশের জন্য ছাড়পত্র দেওয়া হবে না। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

