ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর সাম্প্রতিক মার্কিন হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ ধরনের নীতিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বাকেই বলেন, নিরীহ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে কষ্ট ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে আত্মতুষ্টির সঙ্গে উপস্থাপন করা হচ্ছে।
পোস্টে তিনি বলেন, নির্দোষ মানুষের ওপর পরিকল্পিতভাবে যন্ত্রণা ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে যেভাবে আত্মধার্মিক ভঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে, তা অত্যন্ত ঘৃণ্য। এতে শুধু এসব নীতির পেছনে থাকা অমানবিক মানসিকতাই প্রকাশ পাচ্ছে।
বাকেই দাবি করেন, এগুলো নিছক অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল এবং সামগ্রিক প্রভাবে গণহত্যার পর্যায়ে পড়ে।
তার পোস্টে তিনি একটি প্রতিবেদনের শিরোনামের ছবিও সংযুক্ত করেন, যেখানে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যাচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেছেন,এই পদক্ষেপ হবে ইরানের বিরুদ্ধে বোমা হামলার আর্থিক সমতুল্য।

