spot_img

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ, বললেন— মাদকের বিরুদ্ধে অভিযান চলবে

অবশ্যই পরুন

রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। একই সাথে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং তার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান।

এ সময় ইশরাক হোসেন বলেন, আমি ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি তারিখ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। গত ২ দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে আজকের সংবাদ সম্মেলন।

এই ঘটনার প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেখা করার কথা জানান। আর সাক্ষাতে পদত্যাগের ইচ্ছা পোষণ করেন বলে দাবি করেন।

এর কারণ হিসেবে ইশরাক হোসেন জানান, তার কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড কিংবা দল যেন বিব্রত না হয়, তাই প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো।

পাশাপাশি তার মাদকবিরোধী অভিযান যেমন চলবে, তেমনি তার সংসদীয় আসন ঢাকা-৬ ও আশপাশের এলাকায় জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করার বিষয়ে নিজের অভিপ্রায়ের কথাও জানান সরকারপ্রধানকে।

মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নেই। কিন্তু সেই ছবি দিয়ে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরা হয়; যাতে মাদক নির্মূলের মূল ঘটনা ধামাচাপা পড়ে। এতে ব্যক্তি আমি ও দল বিব্রত।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে।

তিনি আরও বলেন, যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাঁকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

এর আগে, পদত্যাগের প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, মাদকবিরোধী অভিযান কেবলমাত্র শুরু হলো, এটি চলমান থাকবে। আমার কারণে যাতে আপনার কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায়, আমার দল যাতে বিব্রত না হয়, সেজন্য পদত্যাগ করতে চাই।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ