spot_img

হজযাত্রীর ‘সেবা’র নামে বিমান কর্মকর্তাদের সৌদি সফর, টিআইবি বলছে বিলাসিতা

অবশ্যই পরুন

কোটি কোটি টাকা খরচ করে একঝাঁক কর্মকর্তাকে সৌদি আরব পাঠাচ্ছে বিমান কর্তৃপক্ষ। বলা হচ্ছে, তাদের মাধ্যমে হজযাত্রীদের অধিকতর সেবা দেওয়া হবে। তালিকায় গ্রাহক সেবা বিভাগের প্রধানসহ আছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বছর হজ অপারেশনে এমন কাউকে পাঠানো হয়নি।

এবার বিমানের ৩৫ কর্মকর্তা সৌদি আরবে গিয়ে প্রায় ২ মাস অবস্থান করবেন। তাদের পেছনে খরচ হবে ৮ কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রত্যেককে ভাতা হিসেবে দেওয়া হবে প্রায় ৩২ হাজার টাকা। বহরের নেতৃত্বে থাকবেন গ্রাহক সেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন।

বিমানের এই কর্মকর্তা বললেন, তিন গুণ কাজ তাদেরকে (যারা সৌদি যাচ্ছেন) চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অমানবিক। এজন্য ৩৫ সংখ্যাটা সঠিক নয়। এটা তিন গুণ করা দরকার ছিল। কৃচ্ছ্রসাধনের কথা বলেই কিন্তু ৩৫-এ আনা হয়েছে। প্রায় ৪০ হাজারই (বিমানের হজযাত্রী) তো যাবে। এগুলো মেইনটেইন করা কিন্তু খুবই কঠিন হবে। বিমানের ইতিহাসে প্রত্যেকবার কর্মকর্তারা গেছেন, কিন্তু গতবার না যাওয়ায় অনেক সমস্যা হইছে।

যদিও গত বছর হজ অপারেশনে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। সরকারের খরচও ছিল অন্য যে কোনোবারের তুলনায় কম। তবুও বিমান কর্মকর্তাদের সফরকে অস্বাভাবিক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এক শ্রেণির অসাধু কর্মকর্তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বা অসাধু কর্মকর্তার প্রণোদনায় কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কিছু অসাধু ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য হজের নামে আসলে বাস্তবে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য এবং সেটার পেছনে সরকারি ও জনগণের অর্থ ব্যয় করা সম্পূর্ণভাবে অবৈধ বলে আমি মনে করি। যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা দরকার। বিশেষ করে সৌদি আরব যেতে মনোনীত করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা বাতিল করা দরকার।

ইরান যুদ্ধের কারণে সার্বিক বিশ্ব পরিস্থিতি এখন টালমাটাল। তাই ব্যয় করার ক্ষেত্রে বিমানকে আরও সতর্ক এবং স্বচ্ছ হওয়ার পরামর্শ দিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মোস্তফা কামাল।

বাংলাদেশ থেকে এবার হজ করতে যাচ্ছেন ৭৮ হাজার ৫শ’ মুসল্লি। এরমধ্যে ১২৮টি ফ্লাইটে ৩৯ হাজার ৬৫০ জনকে বহন করবে সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান। আগামীকাল শুক্রবার রাতে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট।

সর্বশেষ সংবাদ

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ