তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। ‘বিগ সিটি ড্রামা’য় প্রকাশ পেয়েছে তার অভিনীত নাটক ‘শহরের নতুন অতিথি’। এতে তার বিপরীতে আছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।
ইতোমধ্যেই নাটকটি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। সবাই বেশ প্রশংসা করছেন।
শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টাতে একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটা শুরু করি তখন আমার সহশিল্পী মাহি এবং আমার পরিচালক এত সহযোগিতা করছিলেন যে তখন আমার মনে হলো- না, আমি ঠিকঠাকমতো অভিনয়টা করতে পারব। সত্যি বলতে কি, অনেকদিন ধরেই অভিনয় করব করব বলে শেষ পর্যন্ত এই গল্পে অভিনয় করা হলো, সেদিক নিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের মাঝে। মাহির সঙ্গে যেহেতু আগেই আমার পরিচয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে কারণে তার সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে নার্ভাসনেসটা কম ছিল।’
সামিরা খান মাহি বলেন, ‘সাদীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুব ভালো। আমি সাদীকে বলেছি বিশেষ বিশেষ দিবসে যেন নাটকে অভিনয় করে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

