তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল। ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ দেখতে মেয়ে দিব্যা শাশাকে নিয়ে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হন তিনি। বিজয়ের সঙ্গে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পর এটিই তার প্রথম প্রকাশ্যে আসা।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ের কামালা সিনেমাসে ‘সিগমা’র প্রথম দিনের প্রদর্শনী দেখতে যান সঙ্গীতা ও দিব্যা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ছেলে জেসনও। প্রেক্ষাগৃহের বাইরে ধারণ করা ভিডিওতে আলোকচিত্রীদের দেখে হাসিমুখে ভেতরে যেতে দেখা যায় সঙ্গীতাকে। তার পরনে ছিল সোনালি পাড়ের ক্রিম রঙের পোশাক। অন্যদিকে দিব্যার পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস। তবে বিজয়কে অবশ্য সিনেমাটির প্রদর্শনীতে দেখা যায়নি। প্রচারণা থেকেও দূরে রয়েছেন তিনি।
সিনেমার প্রচারণায় বাবা বিজয়কে যুক্ত না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন জেসন। তার মতে, প্রচারণায় বাবার তারকাখ্যাতির পরিবর্তে সিনেমা ও সংশ্লিষ্ট শিল্পীদের কাজ গুরুত্ব পাওয়া উচিত। জেসন বলেন, আমার বাবা ‘সিগমা’র মুক্তির অপেক্ষায় আছেন। তিনি আমার সিনেমার প্রচারণা করবেন না। আমি চাই প্রচারণা সিনেমাকে ঘিরে হোক, তাকে নিয়ে নয়। এখন তিনি মুখ্যমন্ত্রী, তার অনেক দায়িত্ব।
বাবা সিনেমাটি দেখে কী বলবেন, সে বিষয়েও কথা বলেছেন জেসন। তার ভাষ্য, বিজয় সাধারণত কোনো বিষয়ে মতামত দিতে সময় নেন। জেসন বলেন, আমার বাবা সাধারণত চুপচাপ থাকেন। কোনো প্রশ্ন করলে উত্তর দিতে ১০ সেকেন্ড সময় নেন। তবে সিনেমাটি বিশ্লেষণ করতে আরও সময় প্রয়োজন। তিনি সিনেমাটি পছন্দ করবেন এবং গর্বিত হবেন।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন সঙ্গীতা। এমনকি আবেদনে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন তিনি। এছাড়াও মানসিক অবহেলা, অপমান ও দাম্পত্য বিশ্বাস ভঙ্গের অভিযোগও উল্লেখ করেন। স্থায়ী ভরণপোষণ ও বসবাসের অধিকারও দাবি করেছিলেন তিনি।
অভিযোগ থাকলেও গত ৭ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের কথা জানান সঙ্গীতা। ১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় ও সঙ্গীতা। তাদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।

