spot_img

পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া সতর্কতা রাশিয়ার

অবশ্যই পরুন

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) ১ নম্বর কার্যকর ইউনিটের আশপাশে নতুন করে হামলা চালানো হয়েছে, যা একটি বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বড় আকারের পারমাণবিক বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে, যাতে নিজেদের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ আড়াল করা যায়।

তারা আরও দাবি করে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপে ইতোমধ্যে ইরানের বেসামরিক জনগণের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, বুশেহর পারমাণবিক কেন্দ্রে সরাসরি আঘাত হানলে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।

‘এখন পর্যন্ত অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে,’ উল্লেখ করে জানানো হয়, হামলাগুলো ক্রমেই কেন্দ্রটির আরও কাছাকাছি এলাকায় হচ্ছে।

এছাড়া, কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করা হয়, যা মস্কোর কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

রাশিয়া হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, যারা ‘বেপরোয়া ও অযৌক্তিকভাবে’ ইরানে হামলা চালাচ্ছে, তাদের সংযত হওয়া উচিত।

উল্লেখ্য, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় সংস্থাটি ও জাতিসংঘের কাছ থেকে দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করেছে মস্কো।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হবে না—এমন কোনো নিশ্চয়তা ওয়াশিংটন এখনো দেয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি এমপি আলট্রাম্যাক্স ২ নামের একটি জাহাজ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ