সপ্তাহখানেক আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডের ঘোষণা আসে। অনেকটা অপ্রত্যাশিতভাবেই দল থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র।
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে ২৬ সদস্যের দলে রাখা হয়নি এই সেলেসাও ফরোয়ার্ডকে। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ফিটনেসজনিত সমস্যায় চূড়ান্ত দলে জায়গা হয়নি নেইমারের।
তবে কোচের এমন সিদ্ধান্ত মানতে নারাজ ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার রোমারিও। সর্বশেষ সেলেসাও স্কোয়াডে নেইমারের নাম না থাকায় কোচ কার্লো আনচেলত্তিকে প্লেয়ার সিলেকশনে আরও ‘মনোযোগ দেওয়ার’ আহ্বান জানিয়েছেন তিনি।
রোমারিও জোর দিয়ে বলেন, নেইমার এখনও জাতীয় দলের জন্য ‘অপরিহার্য’ একজন খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদারের এই সময়ে সান্তোস ফরোয়ার্ডকে দলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৪’র বিশ্বকাপজয়ী এই তারকা প্লেয়ার রোমারিও বলেন, ‘একজন তারকা খেলোয়াড়কে অবশ্যই খেলতে দিতে হবে। জাতীয় দলে সেরা ও সবচেয়ে প্রতিভাবানরা সুযোগ না পেলে দল পারফেক্ট নয়হ। বিশ্বকাপের প্রস্তুতি এক মাস ধরে চলে, যা একজন খেলোয়াড়ের জন্য শারীরিক ও টেকনিক্যাল দিক থেকে ফর্মে ফিরে আসা এবং দলের সঙ্গে টিম কম্বিনেশন গড়ে তোলার জন্য যথেষ্ট সময় দেয়। এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ।’

