মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না। প্রচারণামূলক ধাঁচের এসব বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনার পর সোমবার (৫ অক্টোবর) এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই দেন। যুক্তরাষ্ট্রের আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচারিত এসব বিজ্ঞাপনে সরকারি তহবিল থেকে অন্তত ১৫ লাখ ডলার ব্যয় হয়েছে।
ট্রাম্প বলেন, তিনি বিজ্ঞাপনগুলোকে ‘আমাদের মহান যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রচার’ হিসেবে দেখেন। তবে এখন থেকে এসব বিজ্ঞাপনের ব্যয় আর করদাতাদের অর্থ থেকে বহন করা হবে না। এর পরিবর্তে তিনি নিজে অথবা তার রাজনৈতিক সংগঠন মাগা ইঙ্ক (মেইক আমেরিকা গ্রেট আগেইন) এ খরচ বহন করবে।
ট্রাম্পের রাজনৈতিক তহবিল হিসেবে পরিচিত মাগা ইঙ্ক-এর কাছে গত জুলাইয়ের শেষ নাগাদ ৪০ কোটি ডলারের বেশি অর্থ জমা হয়েছিল।
এদিকে, বিজ্ঞাপনগুলো নিয়ে দুই প্রধান দলের আইনপ্রণেতারা সমালোচনা অব্যাহত রয়েছে। দেশজুড়ে সম্প্রচারিত তিনটি বিজ্ঞাপনের বিষয়ে স্বাধীন তদন্তেরও দাবি উঠেছে।
রোববার পর্যন্ত ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় এসব বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। এর মধ্যে একটি বিজ্ঞাপনে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনো কমিউনিস্ট দেশ হবে না।’ এরপর পেছন থেকে কোরাস চলছিলো ‘লাভ মি’ শব্দটি বারবার উচ্চারিত হয়।
অন্য একটি বিজ্ঞাপনে, মাউন্ট রাশমোরের ছবি এবং ট্রাম্পের এমন বক্তব্যের ভিডিও একসঙ্গে দেখানো হয়েছে, যেখানে তিনি ‘আমেরিকার স্বর্ণযুগ’-এর প্রশংসা করেন। মূলত, এই স্বর্ণযুগ, ট্রাম্প নিজের শাসনআমলকে ইঙ্গিত করেছেন।
বিজ্ঞাপনগুলোর শেষে একটি ঘোষণা রয়েছে, যেখানে বলা হয়, এসব বিজ্ঞাপনের ব্যয় বহন করেছে মার্কিন সরকার।
গত মাসে, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেন, বিজ্ঞাপনগুলো প্রচারের জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তহবিল থেকে ২ কোটি ডলার স্থানান্তর করেছে হোয়াইট হাউস। তাদের দাবি, এর মধ্যে একটি বিজ্ঞাপন, ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারের একটি বিজ্ঞাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল রয়েছে। এ ঘটনায় স্বাধীন তদন্তেরও দাবি জানান তারা।
সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা স্বাধীন তদন্তের আহ্বান জানান। তদন্তের দাবির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, সরকারি অর্থের এমন ব্যবহার ‘জনসাধারণের অর্থের বিস্ময়কর অপব্যবহার এবং জনগণের আস্থার লঙ্ঘন।’
তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার গত সপ্তাহে বিজ্ঞাপনগুলোকে যথাযথ বলে উল্লেখ করেন। ট্রাম্পের নিয়োগ দেওয়া রিপাবলিকান এই কর্মকর্তা বিজ্ঞাপনগুলো নিয়ে তদন্তের একটি অনুরোধও প্রত্যাখ্যান করেছেন।

