কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার মধ্যরাতে কুমিল্লায় ঘটা এই দুর্ঘটনার নেপথ্য কারণ জরুরিভিত্তিতে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি দুর্ঘটনার তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের অবহেলা বা ব্যর্থতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার এই দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যেই তিনটি পৃথক তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লার পাশাপাশি ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরে সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় সকল সহায়তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।
রোববার এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনের মূল্য অপরিসীম এবং প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা ও সেতুর নিরাপত্তাসহ সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দিয়েছেন।

