আসন্ন ঈদুল ফিতরের পর থেকে সারা বছরজুড়েই বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. আবদুর রহমান মাছউদ। রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সসয় ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনও অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আমাদের অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি শুরু করা হবে এবং সারা বছর ধরে ধাপে ধাপে এসব নির্বাচন চলবে।
স্থানীয় সরকার নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন দলীয় না কি নির্দলীয় প্রতীকে হবে, তা জানতে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করছে কমিশন। আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন সব সময় প্রস্তুত থাকবে।
সাংবাদিকদের ভূমিকা ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সাংবাদিকদের নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে আবদুর রহমান মাছউদ বলেন, সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা তার সমালোচনা করেন এবং কীভাবে আরও ভালো করা যায়, সেই পরামর্শও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে বলে সবাই মত দিয়েছেন। তবে ভালোর কোনো শেষ নেই, আমরা সামনে আরও উন্নত নির্বাচন উপহার দিতে চাই।

