সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অবসরে গেছেন। এদিন সকালে শেষবারের মতো আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন তিনি।
প্রথা অনুযায়ী, তাঁর অবসর গ্রহণ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিচারপতি আসাদুজ্জামানের অবসরে যাওয়ার ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কমে এখন ৫ জনে দাঁড়িয়েছে। তবে বর্তমানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারপতি আশফাকুল ইসলাম আপিল বিভাগে বিচারিক কাজে অংশ নিচ্ছেন না।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বর্ণাঢ্য বিচারিক জীবন শুরু হয় ২০০৩ সালের ২৭ আগস্ট, যখন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর ঠিক দুই বছর পর ২০০৫ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দীর্ঘ দুই দশক হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর, ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে উন্নীত হন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনের উচ্চতর ডিগ্রিধারী এই বিচারপতি ১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে জেলা আদালত এবং ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন।

