আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ছোটবেলায় ইংরেজি না শেখাকে নিজের জীবনের বড় আক্ষেপগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তিনি স্বীকার করেছেন, বিষয়টি নিয়ে অনেক সময় নিজেকে ‘অর্ধেক অজ্ঞ’ মনে হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ভাষাগত সীমাবদ্ধতার কারণে ক্যারিয়ারে অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পুরোপুরি মতবিনিময় করতে পারেননি।
মিরো দে আত্রাস পডকাস্টে মেসি বলেন, ‘ছোটবেলায় ইংরেজি না শেখাটা বড় ভুল ছিল। অন্তত ইংরেজি পড়ার সময় আমার ছিল, কিন্তু আমি করিনি। এজন্য গভীরভাবে অনুতপ্ত।’
তিনি আরও বলেন, ‘অনেক অসাধারণ ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু ঠিকভাবে আলাপ করতে না পারলে নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হয়। তখন মনে হতো— ‘কী বোকা ছিলাম, সময়টা নষ্ট করেছি।’ ছোটবেলায় এসবের গুরুত্ব বোঝা যায় না।’
মেসি বলেন, ‘এখন আমি আমার সন্তানদের বলি— ভালো শিক্ষা নেওয়া, পড়াশোনা করা এবং প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ। তাদের বলি সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে। তাদের পরিস্থিতি আমার চেয়ে ভিন্ন।’
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর তিনি দলকে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিততে সহায়তা করেন এবং নিজের অর্জনের ঝুলিতে এমএলএস গোল্ডেন বুটও যোগ করেন।
ক্যারিয়ারে আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বকাপ জেতানোর স্মৃতিও রয়েছে তার। দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নিয়ে মেসি বলেন, ‘আমি ফুটবলে শীর্ষে পৌঁছাতে পেরেছি। কিন্তু এই পথচলায় অসংখ্য অভিজ্ঞতা ও শিক্ষা রয়েছে। ফুটবল শুধু খেলা নয়, এটি জীবনের একটি পথ— যা অনেক মূল্যবোধ শেখায়, আজীবনের বন্ধন তৈরি করে এবং নতুন নতুন জায়গা চেনায়।’
সূত্র: সৌদি গেজেট

