spot_img

‘সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হবে’

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, দেশটির সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং এর সঙ্গে সঙ্গে বাহিনীর দায়িত্বও বহুগুণ বাড়বে। তিনি চলতি বছরকে উত্তর কোরিয়ার জন্য একটি বড় মোড় পরিবর্তনের বছর হিসেবে উল্লেখ করেন।

কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) প্রতিষ্ঠার ৭৮তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক অভিনন্দনমূলক সফরে গিয়ে এসব কথা বলেন কিম জং-উন।

সফরকালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। এ সময় কিম দেশটির ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নীতিমালা বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

উন্নয়ন ও বিদেশি মিশনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া বক্তব্যে কিম জং-উন বলেন, গত পাঁচ বছরে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সেনাবাহিনী একটি নির্ধারক ভূমিকা পালন করেছে। তার ভাষায়, সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সময়ের অর্জন সম্ভব হতো না।

তিনি বলেন, গত বছর সেনাবাহিনীর অসাধারণ কার্যক্রমের ফলে বাহিনীর ওপর জনগণ ও ওয়ার্কার্স পার্টির আস্থা আরও বেড়েছে। এই আস্থা সেনা সদস্যদের আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

কিম জং-উন বিদেশে মোতায়েন সেনাসদস্যদের কথাও উল্লেখ করেন। বিশেষ করে বিশেষ অভিযান বাহিনীর কমান্ডার ও সদস্যদের অভিনন্দন জানান, যারা দেশের বাইরে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বিশেষ করে আমি সেই বিশেষ অভিযান বাহিনীর কমান্ডার ও সেনাসদস্যদের অভিনন্দন জানাই, যারা দূরবর্তী অঞ্চলে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে দায়িত্ব পালন করছেন।’ এ বক্তব্যে তিনি রাশিয়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পাঠানো বাহিনীর ইঙ্গিত দেন।

আগামী দিনে আরও বাড়বে সেনাবাহিনীর দায়িত্ব

কিম জং-উন বলেন, চলতি বছর উত্তর কোরিয়ার জন্য একটি বড় রূপান্তরের সময়। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীর ওপর দায়িত্ব আরও বাড়ছে।

তিনি বলেন, ‘এটি একটি বড় পরিবর্তনের বছর। আমাদের সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এর জন্য আরও নিবিড় প্রচেষ্টা প্রয়োজন হবে।’

আগামী পাঁচ বছরে সেনাবাহিনীর বিশেষ ও অনন্য ভূমিকা আরও শক্তিশালী হবে উল্লেখ করে কিম বলেন, এই সময়কালে সশস্ত্র বাহিনীর দায়িত্ব ও কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

বাংলায় একটি প্রবাদ আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। এই শেষটাই ভালো হলো না বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ