চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ের রাতে গোল করে নেইমারের চিরচেনা কায়দায় উদযাপন করে আলোচনার জন্ম দিয়েছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ম্যাচের পর সেই উদযাপনের নেপথ্য কারণ জানাতে গিয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে নিজের এক চমকপ্রদ চুক্তির কথা ফাঁস করেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইয়ামাল জানান, ফুটবলের মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে তাদের বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। তিনি বলেন, “আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয়, তবে ফল যাই হোক না কেন—ম্যাচ শেষে আমরা দুজন একসঙ্গে ছুটিতে যাব।”
গত বছরের জুনে রিও ডি জেনেইরোতে নেইমারের বাড়িতে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন ইয়ামাল। মূলত তখন থেকেই এই দুই তারকার রসায়ন আরও গভীর হয়। সেই সফরের স্মৃতি হাতড়ে ইয়ামাল বুঝিয়ে দিলেন, লড়াইয়ের আগে বন্ধুত্বই তার কাছে অগ্রাধিকার পায়।
তবে এই ‘স্বপ্নিল’ ফাইনাল আর ছুটির পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা ইনজুরি। হাঁটুর অস্ত্রোপচারের পর ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। আসন্ন বিশ্বকাপে তিনি আদৌ মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো সংশয় কাটেনি। অন্যদিকে, গ্রুপ ‘এইচ’-এ থাকা স্পেন এবং গ্রুপ ‘সি’-তে থাকা ব্রাজিলের দেখা হওয়া কেবল ফাইনালের মঞ্চেই সম্ভব। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে—ইয়ামাল ও নেইমারের এই ব্যক্তিগত চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না।

