spot_img

২৬ বাংলাদেশিসহ ৭৭ জন ধরা পড়লো মালয়েশিয়ায়

অবশ্যই পরুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় বড় পরিসরে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে বুধবার (৭ জানুয়ারি) ভোর পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়।

নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকার মোট ১৩টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানাকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

অভিযানের সময় ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী।

আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ২৬ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন ভারতীয় পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন থাই নারী, তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ এবং তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী। মোট আটককৃতদের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান কারখানা থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক।

কেনিথ তান আই কিয়াং আরও জানান, জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় এক সপ্তাহ নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সব প্রবেশ ও বহির্গমন পথ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় কেউ পালিয়ে যেতে পারেনি। অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

গ্রেপ্তারকৃত অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের নেগ্রি সেম্বিলান রাজ্যের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

সূত্র: দ্য স্টার

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ইসলামী প্রজাতন্ত্র ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ