বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অর্থনৈতিক জোটের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) দেশভেদে সর্বোচ্চ ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত এই শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি, চলমান আলোচনা এবং বিশেষ পণ্যভিত্তিক অব্যাহতির মাধ্যমে এই শুল্কহার সমন্বয়ের সুযোগও খোলা রাখা হয়েছে।
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ক্ষেত্রেও একই হার (১৮ শতাংশ) প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, চীনের পণ্যের ক্ষেত্রে সাধারণভাবে সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সংযুক্তিতে (অ্যানেক্স ‘এ’) তালিকাভুক্ত পণ্যের ক্ষেত্রে এই হার হবে সর্বোচ্চ ১০ শতাংশ। সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রস্তাবিত ২০ শতাংশ শুল্ক দ্বিপক্ষীয় সমঝোতা সাপেক্ষে ১০ শতাংশে নামতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর।
মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তে এসব দেশ ও জোটের বাণিজ্যনীতি ও উৎপাদনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর কিছু নীতি ও চর্চা আন্তর্জাতিক বাণিজ্যে অসম প্রতিযোগিতা তৈরি করছে। মূলত সেসব নীতিতে পরিবর্তন আনতেই এই বাড়তি শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।
ইউএসটিআর জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশ ও অংশীজনদের কাছ থেকে জনমত নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান বাণিজ্যচুক্তি ও অন্যান্য আইনের আওতায় আরোপিত শুল্কের বিষয়গুলোও বিবেচনায় রাখা হবে।
বাংলাদেশের জন্য তাৎপর্য
রপ্তানি আয়ের অন্যতম প্রধান বাজার হওয়ায় যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই শুল্ক কার্যকর হলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে বিশেষ পণ্যভিত্তিক অব্যাহতি এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্যচুক্তির অগ্রগতিই চূড়ান্ত শুল্কহার নির্ধারণে মূল ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একনজরে দেশ ও জোটভিত্তিক প্রস্তাবিত শুল্কহার
১. বাংলাদেশ: সর্বোচ্চ ১৮ শতাংশ।
২. কম্বোডিয়া: ১৮ শতাংশ।
৩. ইন্দোনেশিয়া: ১৮ শতাংশ।
৪. মালয়েশিয়া: ১৮ শতাংশ।
৫.. থাইল্যান্ড: ১৮ শতাংশ।
৬. চীন: অ্যানেক্সের বাইরে থাকা পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ এবং অ্যানেক্স ‘এ’-তে থাকা পণ্যে সর্বোচ্চ ১০ শতাংশ।
৭. ইউরোপীয় ইউনিয়ন: ১৫ শতাংশ।
৮. ভারত: সর্বোচ্চ ২৫ শতাংশ; পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে তা কমে ১৭ শতাংশ হতে পারে।
৯. জাপান: ১৫ শতাংশ।
১০. দক্ষিণ কোরিয়া: ১৫ শতাংশ।
১১. সিঙ্গাপুর: সর্বোচ্চ ২০ শতাংশ; পারস্পরিক বাণিজ্য চুক্তি বা সমঝোতা হলে তা কমে ১০ শতাংশ হতে পারে।
১২. সুইজারল্যান্ড: ১৫ শতাংশ।
১৩. তাইওয়ান: ১৫ শতাংশ।
১৪. ভিয়েতনাম: সর্বোচ্চ ৩৫ শতাংশ; পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে তা কমে ২০ শতাংশ হতে পারে।
উল্লেখ্য, এগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) প্রস্তাবিত শুল্কহার। জনমত গ্রহণ ও পরামর্শ-প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকটি দেশের ক্ষেত্রে উল্লিখিত হার বিদ্যমান শুল্কের সমন্বয় সাপেক্ষে প্রযোজ্য।
সূত্র: ইউএসটিআর

