spot_img

যুক্তরাষ্ট্রের মিথ্যাচার নতুন নয়, বিশ্ববাসী সবই মনে রেখেছে: বাকায়ি

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগকে যুদ্ধ ও আগ্রাসনের পক্ষে জনমত তৈরির পুরোনো কৌশলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

ইরানের বিরুদ্ধে নতুন করে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির আলামত থাকার মার্কিন কর্মকর্তাদের দাবির প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বাকায়ি লিখেছেন, রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির আলামত থাকার অভিযোগ আসলে জনমনে আতঙ্ক ছড়ানো এবং যুদ্ধ ও আগ্রাসনের বৈধতা দেওয়ার উদ্দেশ্যে পুরোনো মিথ্যাচারের কৌশল পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রথমে ‘ইরানের পরমাণু হুমকি’ নিয়ে বড় ধরনের মিথ্যা প্রচার করেছেন। এখন তারা দাবি করছেন, ইরান জীবাণু বা রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন কিছু আলামত পাওয়া গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অভিযোগগুলো বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু সেগুলো প্রচারের বয়ান একই রকম থাকছে। মনে হচ্ছে, মার্কিন কর্মকর্তারা আশা করছেন, বিশ্ববাসী সবকিছু ভুলে গেছে। অনেকটা ‘ফাইন্ডিং নিমো’ অ্যানিমেশন চলচ্চিত্রের ভুলোমনা মাছ ‘ডোরি’র মতো!

বাকায়ি প্রশ্ন করেন, ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কলিন পাওয়েলের সেই কুখ্যাত প্রদর্শনীর কথা কি মার্কিন কর্মকর্তারা আশা করেন যে বিশ্ববাসী ভুলে গেছে?

তিনি স্মরণ করিয়ে দেন, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ছোট শিশি হাতে নিয়ে ইরাকের কথিত গণবিধ্বংসী অস্ত্রের নমুনা হিসেবে সেটি প্রদর্শন করেছিলেন। পরবর্তী সময়ে ওই শিশিটি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রাজনৈতিক প্রতারণার প্রতীকে পরিণত হয়।

বাকায়ি বলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগকে জনমত প্রভাবিত করা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং দেশটির বিরুদ্ধে সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ওই হামলার পরিণতি শুধু ইরাকের জনগণের জন্যই নয়, বরং পুরো অঞ্চল এবং এমনকি যুক্তরাষ্ট্রের জন্যও বিপর্যয়কর হয়েছিল।

বার্তার শেষাংশে তিনি বলেন, এখন আবারও আমরা সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছি। পুরোনো কায়দায় ভয়াবহ অভিযোগ ও মিথ্যা বয়ান সামনে আনা হচ্ছে।

তিনি প্রশ্ন রাখেন, ২০০৩ সালের ভয়াবহ পরিণতি থেকে বিশ্ব কি কোনো শিক্ষা নিয়েছে, নাকি আবারও সহজেই প্রতারণার শিকার হতে যাচ্ছে? সূত্র: তুর্কিটুডে

সর্বশেষ সংবাদ

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে ইংলিশ বধ অস্ট্রেলিয়ার

৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে এক বল...

এই বিভাগের অন্যান্য সংবাদ