মানুষের জীবনে রিজিক বলতে আমরা সাধারণত টাকা-পয়সা, ধন-সম্পদ ও উপার্জনকেই বুঝি। অথচ রিজিকের পরিধি অনেক বিস্তৃত। সুস্থতা, নিরাপদ জীবন, নেককার সন্তান, প্রশান্তির ঘুম, ভালোবাসার মানুষ, এমনকি ঈমান ও নেক আমলও আল্লাহর দেওয়া রিজিক। আর্থিক প্রাচুর্য রিজিকের একটি অংশ মাত্র। এই রিজিকের প্রকৃত মালিক ও ব্যবস্থাপক একমাত্র মহান আল্লাহ।
পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর ভূপৃষ্ঠে বিচরণকারী কোন এমন প্রাণী নেই যে, তার রুযী আল্লাহর দায়িত্বে নেই। আর তিনি প্রত্যেকের স্থায়ী ও অস্থায়ী অবস্থানক্ষেত্র সম্বন্ধে জ্ঞান রাখেন; সবই সুস্পষ্ট গ্রন্থে (লাওহে মাহফুজে লিপিবদ্ধ) রয়েছে।’ (সুরা হুদ, আয়াত : ৬)
ক্ষুদ্র পিঁপড়া থেকে গভীর সমুদ্রের বিশাল তিমি, কেউই তাঁর দৃষ্টির আড়ালে নয়। মানুষের চোখে দুর্গম কিংবা খাদ্যহীন মনে হওয়া স্থানেও আল্লাহ তাঁর সৃষ্টির রিজিক পৌঁছে দেন। ইরশাদ হয়েছে, ‘আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না। আল্লাহই রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে; আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আনকাবুত, আয়াত : ৬০)
তবে আল্লাহ রিজিকের মালিক হওয়ার অর্থ এই নয় যে, মানুষ হাত-পা গুটিয়ে বসে থাকবে। দুনিয়া পরীক্ষার জায়গা। এখানে উপার্জনের জন্য চেষ্টা করতে হয়, শ্রম দিতে হয়, হালাল-হারামের বিধান মেনে চলতে হয়। কিন্তু চেষ্টা রিজিক অর্জনের মাধ্যম, রিজিকের প্রকৃত স্রষ্টা নয়। কেউ মেধা, যোগ্যতা ও পরিশ্রমের কারণে উপার্জনের সুযোগ পেলেও তার অর্থ এই নয় যে, সে নিজের শক্তিতেই সবকিছু অর্জন করেছে। আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া কোনো অর্জনই সম্ভব নয়। তাই নিজের উপার্জনের ক্ষমতার উপর যেমন অহংকার করা উচিত নয়, তেমনি কারো ভরণপোষনের দায়িত্ব পালন করলে তাদের অবজ্ঞা করা উচিত নয়। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা দুর্বলদের (দোয়ায়) উসিলায়ই সাহায্য প্রাপ্ত ও রিজিক প্রাপ্ত হচ্ছ।’ (বুখারি, হাদিস : ২৮৯৬)
এই হাদিস আমাদের উপার্জন ও সামর্থ্য নিয়ে অহংকার করতে নিষেধ করে। একজন সামর্থ্যবান ব্যক্তি হয়তো নিজের যোগ্যতায় উপার্জন করেন; কিন্তু তাঁর পরিবারে থাকা অসহায় মা-বাবা, স্ত্রী-সন্তান কিংবা অন্য কোনো দুর্বল মানুষের দোয়া ও বরকতও তাঁর জীবনে কল্যাণের কারণ হতে পারে। আল্লাহ কখনো একজনের রিজিক অন্যজনের উপার্জনের মাধ্যমে পৌঁছে দেন। উপার্জনকারী তখন কেবল সেই রিজিক পৌঁছে দেওয়ার মাধ্যম।
তাই কাউকে খাওয়ানো, পরানো কিংবা তার প্রয়োজন পূরণ করার সুযোগ পেলে অহংকার না করে শোকর করা উচিত। কারণ মহান আল্লাহ এই দায়িত্ব অন্য কারো মাধ্যমেও পালন করাতে পারতেন। এই দায়িত্ব পালনের যে সওয়াব, তা অন্য কাউকেও দিতে পারতেন। রাসুল (সা.) বলেছেন, একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে, একটি দিনার গোলাম আজাদ করার জন্য এবং একটি দিনার মিসকিনদেরকে দান করলে এবং আর একটি তোমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করলে। এর মধ্যে (সওয়াবের দিক থেকে) ওই দিনারটিই উত্তম যা তুমি পরিবারের লোকদের জন্য ব্যয় করলে।’ (মুসলিম, হাদিস : ২২০১)
সুতরাং স্ত্রী-সন্তান, মা-বাবা কিংবা অসহায় স্বজনদের পেছনে ব্যয় করাকে কখনো বোঝা মনে করা উচিত নয়। বরং এটি সৌভাগ্যের বিষয়। অথচ অনেকে রিজিকের সাময়িক সংকট হলে অন্যদের দোষারোপ করে। তারা মনে করে, অন্যদের পেছনে খরচ না করে টাকাগুলো জমালে হয়ত তারা ভালো থাকতে পারত। অথচ কপালে সংকট থাকলে যা যেকোনো ভাবে আসবেই। রিজিকে সংকট দেখা দিলে কাউকে দোষারোপ না করে নিজের আমল পর্যালোচনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং হালাল উপার্জনের চেষ্টা অব্যাহত রাখা উচিত। প্রতিটি আর্থিক সংকটই যে পাপের শাস্তি, তা-ও নয়। কখনো তা পরীক্ষা, কখনো আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও তাওয়াক্কুলের প্রশিক্ষণ হতে পারে।
মনে রাখতে হবে, যে মানুষ আজ অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন, আল্লাহ চাইলে কাল তিনিও অন্যের সহযোগিতার মুখাপেক্ষী হতে পারেন। তাই আল্লাহর দয়ায় কারো রিজিক পৌঁছে দেওয়ার মাধ্যম হতে পারলে অহংকার নয়, আল্লাহর শুকরিয়া আদায় করাই উচিত।

