spot_img

হরমুজে ট্যাঙ্কারে মাইন হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়েছে বলে দাবি করেছে ইরান।

একই সময়ে উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রের আকাশে ড্রোন শনাক্তের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে দুটি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়।

ইরানের দাবি, জাহাজ দুটি এমন একটি নৌপথ ব্যবহার করছিল, যেটিকে তেহরান অননুমোদিত বলে বিবেচনা করে।

এদিকে আলাদাভাবে ইরানের নিয়মিত নৌবাহিনী জানিয়েছে, প্রণালীর পূর্ব অংশে নিষিদ্ধ জলসীমায় আরও একটি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

তবে এসব ঘটনার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ট্যাঙ্কারগুলোর নাম, মালিকানা কিংবা জাতীয় পরিচয়ও প্রকাশ করেনি তেহরান।

অন্যদিকে উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রের আকাশে ড্রোন শনাক্ত হওয়ার ঘটনাও নতুন উদ্বেগ তৈরি করেছে। অঞ্চলটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথে নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একইভাবে ইরাকের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রগুলোতে নিরাপত্তাঝুঁকি তৈরি হলে আঞ্চলিক জ্বালানি উৎপাদন ও সরবরাহও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সাম্প্রতিক এসব ঘটনা পরিস্থিতির নাজুক অবস্থাই তুলে ধরছে। বিশেষ করে সমুদ্রপথে ট্যাঙ্কার চলাচল এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা এখন পুরো মধ্যপ্রাচ্যের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

সরকার কোনো নাশকতা সহ্য করবে না: ডা. জাহেদ

সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। গোপালগঞ্জে নাশকতার সাথে যারা জড়িত, তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ